শিকারিদের হাত থেকে ফকিরহাটের বন্য প্রাণী রক্ষার আহ্বান
বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের পক্ষে পাখি ও বন্য প্রাণী বিশারদ শরীফ খান বাগেরহাটের ফকিরহাটে বন্য প্রাণী নিধনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শিকারি সাঁওতালদের বাধা দেওয়ার দাবি করেছেন। উত্তরাঞ্চল থেকে আসা আদিবাসী সাঁওতাল শিকারিরা দল বেঁধে ফকিরহাটে বন্য প্রাণী শিকারে মেতে উঠেছে। বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কিন্তু সাঁওতাল শিকারিরা এই আইন সম্পর্কে অবহিত নয় এবং এ কারণে তারা আইনটি মানার কথাও ভাবে না। তারা তাদের চিরাচরিত রীতি মোতাবেক শীতের সময় শিকার করতে এসেছে সুন্দরবনের পার্শ্ববর্তী এ অঞ্চলে। তাদের হাতে মারা পড়ে ফকিরহাটের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।সম্প্রতি সাঁওতাল শিকারিদের ঠেকাতে স্থানীয়ভাবে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের শাখা গঠন করা হয়েছে। ক্লাবের সদস্যরা অনেক সময় সাঁওতাল শিকারিদের বাধা দিয়েছে। তবে তারা এলাকা ছেড়ে যায় না, গেরিলা কায়দায় গোপনে বন-জঙ্গলে প্রবেশ করে শিকার অব্যাহত রেখেছে। ফাকিরহাট ওয়াইল্ড লাইফ ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে দেশের বন্য প্রাণী সমৃদ্ধ এই অঞ্চলে সাঁওতাল শিকারিদের হাত থেকে বন্য প্রাণী রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।