শিকারির গুলিতে লক্ষ্মীপ্যাঁচা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে গত বুধবার শিকারির গুলিতে একটি লক্ষ্মীপ্যাঁচা আহত হয়েছে। ওই দিনই প্যাঁচাটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। 
উপজেলা বন কর্মকর্তা ইয়াদুল বারী বলেন, গতকাল বৃহস্পতিবার প্যাঁচাটিকে রাজশাহী বন্য প্রাণী শাখায় পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে রাজশাহী চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে প্যাঁচাটিকে।
প্রত্যক্ষদর্শী তিন স্কুলছাত্র জানায়, গত বুধবার বিকেলে পৌরসভার খলিফাপাড়ার একটি বাঁশবাগানে ওই লক্ষ্মীপ্যাঁচাটি বসে ছিল। দু-তিনজনের একদল তরুণ শিকারি প্যাঁচাটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে প্যাঁচাটি পাশের একটি ভুট্টাখেতে পড়ে যায়। শিকারির দল প্যাঁচটিকে ধরে সন্ধ্যার দিকে চাঁচকৈড় বাজারে নিয়ে আসে বিক্রির জন্য।
পরে প্রথম আলোর এ প্রতিনিধি প্যাঁচাটিকে উদ্ধার করে গুরুদাসপুর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আবু কায়েস বিন আজিজ বলেন, গুলিতে প্যাঁচাটির ডান পাখার হাড় ভেঙে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উপযুক্ত খাবার ও চিকিৎসা পেলে এটি ভালো হয়ে যেতে পারে।