শিকারের পর চোখ ফুড়ে পাখি বিক্রি
শিকার করা এক ঝাঁক পাখি। নড়াচড়া করতে যাতে না পারে সে জন্য পেখম দিয়ে পাখিগুলোর দুই চোখ ফোড় করা। এ অবস্থায় শিকারিরা পাখিগুলোকে হাটে তোলেন বিক্রির জন্য।
সিলেটের কানাইঘাট উপজেলা সদরের হাট থেকে চারজন শিকারিকে পাখিগুলোসহ আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাখি শিকারিদের জনপ্রতি এক হাজার টাকা জরিমানা করা হয়। আর পাখি শিকার করবে না—মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়। গত রোববার সন্ধ্যায় কানাইঘাট বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সন্ধ্যা ছয়টার দিকে চার ব্যক্তি দুটি খাঁচায় বড় প্রজাতির আটটি বক (শামুকভাঙা) ও ছোট বক বিক্রির জন্য প্রদর্শন করেন। এর মধ্যে আটটি বকের দুই চোখ ফোড় করা ছিল পেখম দিয়ে। খবর পেয়ে ইউএনও সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পাখি শিকারি বরকত উল্লাহ, আলকাছ আলী, ইনসান আলী ও জহির উদ্দিনকে আটক করে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। চার পাখি শিকারির বাড়ি জৈন্তাপুর উপজেলার সেনগ্রামে। ভ্রাম্যমাণ আদালতে তাঁরা অভিনব কায়দায় পাখি শিকারের কথা স্বীকার করেন। রাতে তাঁদের হাত দিয়ে পাখিগুলো অবমুক্ত করা হয় এবং ‘জীবনে আর পাখি শিকার করব না’ মর্মে মুচলেকা রাখা হয়।
ইউএনও সোহরাব হোসেন বলেন, ‘শিকার করা পাখি অনেক দেখেছি। কিন্তু এত অমানবিকভাবে শিকার করতে দেখিনি। চোখগুলো অন্ধ করে ফেলা হয়েছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে দৃষ্টান্ত স্থাপন করতে তাৎক্ষণিক জরিমানা ও মুচলেকা আদায় করা হয়।’