শিক্ষক, ছাত্রীসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, গোপালগঞ্জ, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও শিশুসহ পাঁচজন নিহত ও ৭৩ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, উপজেলার জাহানারা মার্কেটের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে গতকাল ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আনোয়ার হোসেন (৩২) নিহত ও চারজন যাত্রী আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যাত্রী লিয়াকত হোসেন (৩৫) মারা যান।গোপালগঞ্জ: সদর উপজেলার গোপীনাথপুরের গোয়ালা ব্রিজের কাছে গত বুধবার রাত ১১টার দিকে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিসরি (২১) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া শিশু ও নারীসহ কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। নিহত মিসরির বাড়ি বাগেরহাট সদর উপজেলার দশার্নী। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি সম্মানের ছাত্রী।কুষ্টিয়া: মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে গতকাল বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মৌ (৬) নিহত হয়েছে। মৌ উপজেলার সাহেবনগর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, মৌ তার চাচির সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি সাহেবনগরে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ট্রাক মৌকে ধাক্কা দেয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পাবনা-কুষ্টিয়া মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ: শহরের আরামবাগ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিটিআই মোড়ে গত বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস উল্টে স্কুলশিক্ষক আসাদুজ্জাহান আশা (২২) নিহত হন। তিনি শহরের বেলেপুকুর গ্রামের সেলিমুর রহমানের স্ত্রী এবং ভোলাহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।