বগুড়ার শিবগঞ্জে গতকাল সোমবার এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গত দুদিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার-রংপুর মহাসড়কের দিঘলকান্দিতে গতকাল বিকেলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন রানা মিয়া (২২), খাজা মিয়া (৫৫), হারুন-উর-রশীদ (৫০) ও রাশেদ রহমান (১৮)। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।ঠাকুরগাঁও: রানীশংকৈল উপজেলার রানীশংকৈল-পীরগঞ্জ সড়কের পুরাতন আখ সেন্টারে গতকাল সোমবার হারুন অর রশীদ (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একটি নাইটকোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান। পীরগঞ্জ: গতকাল পীরগঞ্জ-নেকমরদ সড়কের কুমারগঞ্জ নামক স্থানে একটি মোটরসাইকেলের ধাক্কায় ইমন (৪) নামের একটি শিশু মারা যায়। সে ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়া রাস্তা নামক স্থানে গত রোববার রাতে দ্রুতগামী ট্রাকের চাপায় কালু দে (২৫) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার শিমুলিয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় নবিরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গৌরনদী: বরিশাল-ঢাকা মহাসড়কের নতুনহাটে গত রোববার একটি বাস ও একটি নসিমনের সংঘর্ষে নসিমনের চালক শামীম প্যাদা (৩২) নিহত হয়েছেন।