শিক্ষক- শিক্ষার্থীদের বের করে দিয়ে স্কুলে তালা
ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাটোরের লালপুর উপজেলার রাকশা উচ্চবিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে ছয় দিনের জন্য বিদ্যালয় বন্ধের ফরমান জারি করেছেন। ফলে গত বুধবার থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূরুল ইসলাম ওরফে লাভলু বুধবার সকালে বিদ্যালয়ে এসে তাঁর বোন তাজমিম আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা দেন। আকস্মিক এ ঘোষণা ছাত্র-শিক্ষকেরা প্রত্যাখ্যান করলে তিনি ক্ষুব্ধ হয়ে উপস্থিত ছাত্র-শিক্ষকদের একটি লিখিত ফরমান পড়ে শোনান। ওই ফরমানে ১০ থেকে ১৬ জুন পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে বিদ্যালয়ের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। নবম শ্রেণীর ছাত্রী শিরিনা আক্তারের বাবা আবুল হাশেম বলেন, সভাপতির স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয় বন্ধ থাকতে পারে না। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে নূরুল ইসলাম বলেন, ‘আমি সভাপতি। অথচ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আমার হুকুম শোনেন না। তাই তাঁকে বুধবার বরখাস্ত করে তাজমিম আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করেছি। একই সঙ্গে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে ছয় দিন বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। আর প্রধান শিক্ষক যেন বিদ্যালয়ে আসতে না পারেন, তাই তালা ঝুলিয়ে দিয়েছি।’তবে ইউএনও জহিরুল ইসলাম বিদ্যালয় বন্ধ করার পরামর্শ দেওয়ার কথা অস্বীকার করে বলেন, এ ধরনের পরামর্শ তিনি সভাপতিকে দেননি। বিদ্যালয় বন্ধ করতে হলে তিনি লিখিত আদেশ দিতেন। ১৫ জুন বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।