শিক্ষক অজিত গুহের কাছে আমি সারা জীবন ঋণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, শিক্ষক অজিত গুহের কাছে তিনি সারা জীবন ঋণী। সাহিত্য থেকে কীভাবে রস আস্বাদন করতে হয়, তা তিনি অজিত গুহের কাছেই শিখেছেন। গতকাল শুক্রবার নগরের বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজিত একুশে পদকপ্রাপ্ত ভাষাসংগ্রামী অধ্যাপক অজিত কুমার গুহের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন।
ড. আনিসুজ্জামান বলেন, ‘একজন শিক্ষককে কীভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়, সেই শিক্ষা তাঁর কাছ থেকে পেয়েছি। ৪৭ বছর আগে তিনি গত হয়েছেন। এখন তাঁর জন্য স্মারক বক্তৃতা ও তাঁর লেখাগুলো খোঁজ করে গ্রন্থাকারে প্রকাশ করতে হবে। তবেই নতুন প্রজন্ম তাঁকে জানতে পারবে।’
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশীদ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক হাসান ইমাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার প্রমুখ।
অজিত গুহ ১৯১৪ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালে মরণোত্তর একুশে পদক পান। ১৯৬৯ সালের ১২ নভেম্বর পরলোক গমন করেন তিনি।