শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তাদের সমন্বয় জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার জন্য শিক্ষা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতা, সচেতনতা ও পারস্পরিক সমন্বয় প্রয়োজন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সচেতন নাগরিক কমিটির (সানক) সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

জেলার চারটি উপজেলা দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি ও সদর উপজেলার সাড়ে চার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা বিভাগের আহ্বায়ক মংক্যচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন সনাক খাগড়াছড়ির সভাপতি সুধীন কুমার চাকমা, অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুন কবির, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম, নুরুল আফসার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধীমান খীসা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য স্বপন চৌধুরী প্রমুখ।

কংজরী চৌধুরী বলেন, ‘সবার আগে আমাদের মনমানসিকতার পরিবর্তন আনতে হবে। জেলা শহরের আশপাশের বিদ্যালয়গুলোতে রাজনৈতিক নেতা, কোনো কর্মকর্তা বা সমাজের প্রভাবশালীদের পরিবারের সদস্য বা আত্মীয়বর্গ দীর্ঘদিন ধরে চাকরি করছেন। তাঁদের বদলি করার সাহস কারও হয় না। শহরের আশপাশের বিদ্যালয়গুলোর পড়াশোনা ভালো, প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোর পড়াশোনা খারাপ। সবার সহযোগিতা নিয়ে আগামী বছর বদলির ব্যবস্থা করে এ বৈষম্য দূর করা হবে।’ মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে শতভাগ মেধাবীদের স্থান দেওয়া হবে।

শিক্ষক প্রতিনিধিরা বলেন, বিশেষত প্রত্যন্ত এলাকায় শিক্ষকের সংকট রয়েছে। প্রাক্‌-প্রাথমিকের শিক্ষক এখনো নিয়োগ করা হয়নি। সরকারিভাবে বহু মূল্যবান শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। অথচ বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। এ কারণে বহু বিদ্যালয়ের মূল্যবান জিনিস চুরি হয়ে যাচ্ছে।

বক্তারা কিন্ডারগার্টেন স্কুলে নয়, সরকারি নীতিমালা অনুসরণ করে এমন বিদ্যালয়ে শিশুদের পাঠানোর আহ্বান জানান।