শিক্ষক আকতার জাহানের মৃত্যু: সহকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকতার জাহান। প্রথম আলো ফাইল ছবি
আকতার জাহান। প্রথম আলো ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাতে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় তাঁর সহকর্মী সহকারী অধ্যাপক আতিকুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে।

গত বছরের ৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক ভবনে নিজ কক্ষের দরজা ভেঙে আকতার জাহানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান বাদী হয়ে পরের দিন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী নগরের মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ব্রজগোপাল অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যুর ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে পুলিশ। এতে শুধু আমি নই, নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারও তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে আতিকুর রহমানকে অভিযুক্ত করে গত মাসে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তে আতিকুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।’

সহকারী অধ্যাপক আতিকুর রহমান। প্রথম আলো ফাইল ছবি
সহকারী অধ্যাপক আতিকুর রহমান। প্রথম আলো ফাইল ছবি

আকতার জাহানের মৃত্যুর পর গত বছরের ৪ নভেম্বর আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন পুলিশ বলেছিল, ‘এই আত্মহত্যার ঘটনায় তাঁর (আতিকুর) সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আতিকুর রহমান চাইলেই আকতার জাহানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন।’ গ্রেপ্তার থাকায় গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান আতিকুর।

এদিকে আকতার জাহানের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর সাবেক স্বামী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। ওই সব অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭০তম সভায় তানভীর আহমদকে বিশেষ ছুটি দেওয়া হয়। সেই সঙ্গে অভিযোগ তদন্ত করতে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি যত দিন পর্যন্ত তাদের তদন্ত প্রতিবেদন জমা না দেয়, তত দিন তানভীরকে ছুটিতে থাকতে হবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়।

তদন্ত কমিটির একজন সদস্য বলেন, তদন্ত প্রায় শেষের দিকে। আগামী মাসেই তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন।