শিক্ষক আকতার জাহানের মৃত্যুর সঠিক তদন্ত দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে এই দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁর আত্মহত্যায় প্ররোচনাকারীদের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আকতার জাহান আত্মহত্যা করেননি, তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তাঁর জীবন থেকে হাসি, আনন্দ, ভালোবাসা, সৌন্দর্য কেড়ে নিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। তাঁর যে মরদেহ উদ্ধার করা হয়েছে, তা কেবল মৃত্যুর আনুষ্ঠানিকতামাত্র।
বক্তারা বলেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাস জীবনে যা দেখেছেন তা দিয়েই আকতার জাহানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শনাক্ত করা সম্ভব। তাঁর অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত ও প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৯ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে আকতার জাহানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ওই দিন রাতে জুবেরী ভবনের কক্ষ থেকে আকতার জাহানের লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটের সূত্র ধরে ১০ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান। এজাহারে উল্লেখ করা হয়েছে, চিরকুট থেকে স্পষ্ট যে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারও না কারও দ্বারা প্ররোচিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।