শিক্ষক আনিসুর রহমান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আনিসুর রহমান (৫৫) আর নেই। গত রোববার রাত একটায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তৈয়াসার গ্রামে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস, পায়ে ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দুই বোন, আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ আসর তৈয়াসার গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন।
আনিসুর রহমান ১৯৬০ সালের ১৫ মে চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয় থেকে কুমিল্লা বোর্ডে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় মানবিক বিভাগে দ্বিতীয় এবং ১৯৭৭ সালে চিওড়া সরকারি কলেজ থেকে এইচএসসিতে একই বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে তিনি ওই বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ওই বিভাগের শিক্ষক ছিলেন।