শিক্ষক আনোয়ারকে রিমান্ডে নিতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আজ বুধবার চট্টগ্রামের জে৵ষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাছানের আদালতে আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জসীম উদ্দিন খান। পরে আদালত কাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।

দিয়াজ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন শিক্ষক আনোয়ার। মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার তিনি চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে ওই দিন তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা জসীম উদ্দিন খান আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, কারাগারে আটক শিক্ষক আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন তিনি। রিমান্ড মঞ্জুর হলে দিয়াজ হত্যার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক স্বপন কুমার মজুমদার সন্ধ্যায় বলেন, বুধবার সিআইডি থেকে রিমান্ড আবেদন পাওয়ার পর আদালত পরের দিন বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।

২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির (বর্তমানে কমিটি স্থগিত) অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত বছরের ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে, এমন আলামত ময়নাতদন্তের প্রতিবেদনে মেলেনি। পরে গত বছরের ৬ ডিসেম্বর দিয়াজের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ওই প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।

ছেলেকে হত্যা করা হয়েছে, এ অভিযোগ এনে তাঁর মা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী।

এক বছরেও হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় দিয়াজের মা জাহেদা আমিন গত মাসে অনশন শুরু করেছিলেন। আসামিদের গ্রেপ্তার করা হবে, পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাসে ছয় দিন পর ২ ডিসেম্বর অনশন ভঙ্গ করেন তিনি। এর ঠিক ১৬ দিনের মাথায় এই প্রথম কোনো আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাল পুলিশ।