শিক্ষক সমিতির টানা আন্দোলনের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলছেন, বিষয়টি খুবই উদ্বেগজনক।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ২১টি বিভাগে এক হাজার ২২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯০ হাজার ৪০২টি। চলতি মাসের ৪, ৫ ও ৬ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গত ২ নভেম্বর থেকে ২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে শিক্ষক সমিতি টানা অসহযোগিতার আন্দোলন শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। তবে নতুন করে পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এদিকে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়েছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
এদিক ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রংপুর শহরের কলেজ রোডের জামিউল ইসলাম তাঁর মেয়ের ভর্তির জন্য এই বিশ্ববিদ্যালয়ে ফরম জমা দিয়েছেন। তিনি বলেন, ‘রংপুরে একটা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। কিন্তু শিক্ষা কার্যক্রমের শুরু থেকেই শুধু আন্দোলন। বাড়ির কাছের বিশ্ববিদ্যালয়ে মেয়েকে পড়াতে চাই বলে অন্য জায়গায় ভর্তির জন্য ছোটাছুটি করিনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘শিক্ষকেরা তাঁদের দাবি নিয়ে আন্দোলন করতেই পারেন। কিন্তু ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিষয়টি তাঁদের অন্তত ভাবা উচিত।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা আমাদের ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু উপাচার্য স্যারের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চাইলে তিনি আমাদের কথাই শুনতে চান না।’
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘আমি বরাবরের মতো আবারও বলছি, ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নিয়মের মধ্যেই রয়েছি। এ ছাড়া চিঠি দিয়ে শিক্ষক সমিতির নেতাদের আহ্বান জানিয়েছি। তাঁরা বৈঠকে এলেও তাঁদের দাবি না মানলে কোনো আপসরফা নয় বলে জানিয়েছেন। এখানে আমারই বা কী করার আছে?’
২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে প্রতিদিন বেলা দুইটা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেছে। সেই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবি তুলে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ৮ ডিসেম্বর থেকে। তবে আন্দোলন অব্যাহত থাকলেও বিভিন্ন বিভাগের ক্লাস হয়েছে।