শিক্ষক আবদুল কাদেরের কান্না
লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে চার শিক্ষার্থীকে পড়া বুঝিয়ে দিচ্ছেন। আর এই পড়ানোর সামান্য সম্মানী দিয়েই চালাতে হয় তাঁর সংসার। চিকিৎসাসহ অন্যান্য খরচও নির্ভর করে এর ওপরেই। শারীরিক অক্ষমতা আর ষড়যন্ত্রের শিকার হয়ে হাতে গড়া বিদ্যালয় থেকে বিতাড়িত হয়ে নিজের ও পরিবারের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন যিনি তিনিই আবদুল কাদের দেওয়ান। বাড়ি খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে তেলিগাতি গ্রামে।তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল, ছোট্ট একটি ঘর। এর এক পাশে রান্নার কক্ষ, আরেক পাশে শৌচাগার। ঘরের মধ্যে একটি আলমিরার তাকে কিছু বই। তার ওপর কয়েকটি হাঁড়ি-পাতিল রাখা। দড়িতে ঝোলানো বস্তায় কিছু কাপড়-চোপড়। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার ও চারটা ছোট টুল—এই নিয়ে তাঁর সংসার। তিন-চারজন শিক্ষার্থীকে ইংরেজি পড়িয়ে কিছু টাকা পান। তাঁর স্ত্রী মাহমুদা পারভিন (৩৫) ঘরে সেলাই করে কিছু আয় করেন। সন্ত্রান নেই এই দম্পতির।আবদুল কাদের দেওয়ান (৪৪) কাঁদতে কাঁদতে বলেন, ‘মেরুদণ্ডের এনকাইলেসিং স্পনডাইলোসিসে আক্রান্ত হয়ে আজ আমি জীবন্ত লাশে পরিণত হয়েছি। ২০০৫ সালে এই রোগে আক্রান্ত হওয়ায় ঘাড় ও মাজা শক্ত হয়ে যায়। স্কুল গড়ার ১৯ বছর পর আমাকে প্রধান শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করতে চাপ দেন। একদিকে শারীরিক সমস্যা, অন্যদিকে স্কুলের চাপে বাধ্য হয়ে ২০০৫ সালের শেষে পদত্যাগ করি।’আবদুল কাদের আরও বলেন, ‘ওই সময় বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে অসুস্থ না দেখিয়ে স্বেচ্ছায় অবসর দেখানো হয়। এ কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে পাইনি। চাকরি যাওয়ার পর ভাড়া বাসা ছেড়ে শ্বশুরবাড়ির এই ঘরে এসে আশ্রয় নিতে হয়েছে। অর্থাভাবে আমার চিকিৎসাও বন্ধ।’১৯৮৬ সালে খুলনার শিল্পাঞ্চল খালিশপুরের একটি ভাড়া বাড়িতে ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়ে স্কুল গড়ার কাজে নেমে পড়েন কাদের দেওয়ান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে সহকর্মীদের আর্থিক সহায়তা নিয়ে স্কুলের জন্য এক আপনজনের কাছ থেকে কম টাকায় পাঁচ কাঠা জমি কেনেন। দেড় বছরের দায়িত্ব পালন শেষে তখনকার সভাপতি সাবেক সাংসদ সেকেন্দার আলী ডালিমের লিখিত চিঠি মোতাবেক বর্তমান প্রধান শিক্ষক আমজাদ হোসেনের কাছে প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝে দেন। তখন কাদের দেওয়ানকে সহকারী প্রধান শিক্ষক করা হয়। কিছুদিন পর তিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব হারিয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হন।২০০৫ সালে স্পনডাইলোসিসে আক্রান্ত হন। চলাচলের অসুবিধা বেড়ে গেলে তাঁকে স্কুল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলেন। পদত্যাগ করতে বাধ্য হয়ে তিনি আজ মানবেতর জীবনযাপন করছেন।২০০৬ সালে অবসরের পর গত ২৫ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে পাঠানো তিন হাজার ৭৭৯ টাকার একটা চেক আবদুল কাদের দেওয়ানের হাতে এসে পৌঁছায়। সরকারি নিয়মানুসারে ১২ বছরের চাকরিকালে চার হাজার ৭০০ টাকা হিসাবে ১৬ মাসে ৭৫ হাজার ২০০ টাকা পাওয়ার কথা। তার পরিবর্তে মাত্র তিন হাজার ৭৭৯ টাকার চেক পেয়ে মনের দুঃখে তিনি তা বোর্ড সচিবের বরাবর ফেরত পাঠান। এবং প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেন।প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ‘কাদের দেওয়ানকে পদত্যাগ করতে চাপ দেওয়ার অভিযোগ ঠিক নয়। তা ছাড়া আমরাও জানতাম না যে স্বেচ্ছায় অবসর নিলে তিনি টাকা পাবেন না। তাঁর অবসর ভাতা পাওয়ার ক্ষেত্রে আমার যদি কিছু করার থাকে, তা আমি এখনো করতে রাজি।’ বিদ্যালয় কমিটির শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান বলেন, ‘অসুস্থ সহকর্মীর জন্য আমরা শিক্ষকেরা ১০ হাজার টাকা জোগাড় করে একটা বিদায়ী সংবর্ধনার আয়োজন করি। কিন্তু তিনি আসেননি।’ বিদ্যালয়ের সভাপতি আবদুল গফ্ফার বিশ্বাস বলেন, ‘কাদের সাহেব অসুস্থ হয়ে পড়ে নিজেই পদত্যাগ করেছেন। তাঁর টাকা পাওয়ার যদি কোনো পথ থাকে তবে আমি অবশ্যই দেখব।’বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব আবদুল জলিল বলেন, ‘কমিটি বা প্রধান শিক্ষক কাদের সাহেবকে ভুল বুঝিয়ে পদত্যাগপত্র নিয়েছে। তাঁকে ওইভাবে চাপ দিয়ে পদত্যাগ করানো উচিত হয়নি। এ কারণে তিনি আজ সরকারি অবসর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।’জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘অবসর ভাতার বিষয়গুলো আমাদের অফিসের মাধ্যমে হয় না। আমাদের কিছুই করার নেই।’