পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রাউত্কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। আর বিদ্যালয়ে শিক্ষার্থী আছে মাত্র ২০ জন। খোঁজ নিয়ে জানা গেছে, রাউত্কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র সহকারী শিক্ষক মনিরুজ্জামান প্রায় আট মাস যাবৎদায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে রয়েছে মাত্র ২০ জন শিক্ষার্থী। শিক্ষক মনিরুজ্জামান একাই পাঠদান থেকে শুরু করে দপ্তরির কাজটিও করছেন। আর বিদ্যালয়ের এ অবস্থা দেখে এলাকার অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন না।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুুল কুদ্দুস বলেন, গত বছরের আগস্ট মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যান। এ সময় তিনজন সহকারী শিক্ষক কর্মরত ছিলেন। প্রধান শিক্ষকের পদটি শূন্য হওয়ার পর তিন মাসের ব্যবধানে দুজন শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যান। তখন থেকে বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক আছেন। আমি বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু কাজ হয়নি। সহকারী শিক্ষক মনিরুজ্জামান বলেন, ‘বর্তমানে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে সাতজন, দ্বিতীয় শ্রেণীতে সাতজন এবং তৃতীয় শ্রেণীতে ছয়জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক না থাকায় চলতি শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। শিক্ষা অফিসে জরুরি কাজ থাকলে বিদ্যালয় বন্ধ রেখে আমাকে যেতে হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার জানিয়েও কোনো ফল হয়নি।’ পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় বলে অবহেলার শিকার হয়েছে। শিক্ষকেরা এখানে আসতে চান না। তদবির করে এখান থেকে অন্যত্র চলে যান। বিষয়টি আমি শিক্ষা কর্মকর্তাকে বলেছি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউল্লাহ আহ্সান বলেন, ‘বিষয়টি আমি জানার পর সেখানে একজন সহকারী শিক্ষককে প্রেষণে (ডেপুটেশনে) নিয়োগ করেছি। কিন্তু জানতে পেরেছি, ওই শিক্ষক এখনো সেখানে যোগদান করেননি।’