শিক্ষক একজন, শিক্ষার্থী ২৪০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সকালে স্কুলে এসে শুধু খেলি। স্যারে কিছু কয় না। কইবার তো সময় নাই হের। স্যার তো থাকে অন্য ক্লাসে। আমরার এক দিন ক্লাস হয় কি আর এক দিন হয় না।’ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের মদন বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সাগর মিয়ার কথা এগুলো।পঞ্চম শ্রেণীর ছাত্রী নাছিমা আক্তার সমস্যার আরেকটু গভীরে গিয়ে জানায়, প্রায় দুই মাস ধরে শুধু একজন শিক্ষক দিয়েই বিদ্যালয় চলছে। একজন শিক্ষকই সব ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। তাই সবদিক সামলাতে পারছেন না।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টিতে ২১৪ জন শিক্ষার্থীর জন্য আছেন একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিদ্যালয়টি চলছে। এ বছর শিক্ষক-সংকট চরম হয়েছে। তিনজন শিক্ষকের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং কিছুদিন পর সহকারী শিক্ষক মহেন্দ্র চন্দ্র বিশ্বাসও অবসরে যান। এর পর থেকে তাঁকে একাই সব সামলাতে হচ্ছে। এতে হিমশিম খেতে হয় তাঁকে।সিরাজুল ইসলাম আরও বলেন, শিক্ষক-সংকটের বিষয়টি পরিচালনা পর্ষদ ছাড়াও সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।পরিচালনা পর্ষদের সভাপতি মাতাব উদ্দিন জানান, সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বর্তমানে সেখানে মাত্র একজন শিক্ষক আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সমাধানের চেষ্টা চলছে।’জেলা শিক্ষা কার্যালয়ের শিক্ষা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম জানান, এসব বিদ্যালয়ে নতুন নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন শিক্ষক নিয়োগ হলেই সমস্যা কমে যাবে।