শিক্ষক একজন শিক্ষার্থী ২৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রীর সংখ্যা ২৩০ হলেও শিক্ষক মাত্র একজন। এতে এ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। যিনি এখানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি বেতন-ভাতা পান না। তাই তিনি চলে গেলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে। এ করুণ অবস্থা ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসবা ধর্মপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের।বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই সময় বিদ্যালয়টিতে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যে এখানে সরকারি অর্থে চার কক্ষের একটি একতলা পাকা ভবন নির্মাণ করা হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয়ের একমাত্র এমপিওভুক্ত শিক্ষক অবসরে চলে যান। ২০০৮ সালের ৩০ নভেম্বর আরও একজন শিক্ষক অবসরে চলে যান। ২০০৭ সালের ২৮ ডিসেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষকও অবসরে যান। উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পদত্যাগজনিত শূন্যপদে ২০০৭ সালের ১৪ জুন বর্তমানে কর্মরত একমাত্র শিক্ষক লায়লা বেগমকে নিয়োগ দেওয়া হয়। তার পর থেকে তিনি বিদ্যালয়ে নিয়মিত পাঠ দান করে আসছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং লায়লা বেগমের চাকরি এমপিওভুক্ত করার বিষয়টি তাঁরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়ে জানিয়েছেন। শিক্ষক লায়লা বেগম জানান, তাঁর এক ছেলে এসএসসি পরীক্ষা দেবে ও আরেক ছেলে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। ইতিমধ্যে সরকারি চাকরির সময়ও শেষ হয়ে গেছে। তাঁর চাকরি এমপিওভুক্ত করা না হলে হয়তো দুই ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাবে এবং না খেয়ে মরতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ বাহার উল্লা অভিযোগ করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার অবহেলার কারণে তিন বছরেও ওই শিক্ষকের চাকরি এমপিওভুক্ত হয়নি।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিক্ষকের এমপিওভুক্তির প্রক্রিয়া চলছে। ওই বিদ্যালয়ের অবশিষ্ট তিনটি শিক্ষকের শূন্যপদে সরকারি নিয়োগবিধি অনুসরণ করে শিক্ষক নিয়োগ করা হবে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, শিগগিরই ওই শিক্ষককে এমপিওভুক্ত করা হবে।