শিক্ষক ও আবাসনসংকটের কারণে শেরপুর নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। তিন বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ কোর্সে শিক্ষার্থীদের ৩৫টি বিষয় পড়তে হয়। কিন্তু এখানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন।
শেরপুর নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বর্তমানে এই ইনস্টিটিউটে ১১১ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাঁদের জন্য অন্তত ১০ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু আছেন মাত্র তিনজন। ফলে চিকিৎসাশাস্ত্র-সংশ্লিষ্ট বিষয়ের ওপর জেলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এবং সাধারণ বিষয়ের ওপর পড়ানোর জন্য বাইরের সরকারি বা বেসরকারি কলেজের শিক্ষকেরা ক্লাস নিয়ে থাকেন। মাত্র তিনজন শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হয় না। ফলে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও গুণগত মান বাড়ছে না।
ইনস্টিটিউটের প্রশিক্ষক সুলতানা পারভীন বলেন, এই ইনস্টিটিউটে প্রতিবছর ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। কিন্তু এখানে জনবলের অভাব রয়েছে। প্রধান সমস্যা হচ্ছে ছাত্রীদের আবাসন নিয়ে। একটি কক্ষে তিনজন শিক্ষার্থীর থাকার কথা থাকলেও সেখানে থাকছেন পাঁচজন। ফলে তাঁদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এখানে আছে পানির সমস্যা। নিজস্ব পাম্প না থাকায় হাসপাতালের পানির পাম্পের ওপর নির্ভর করতে হয়। ছাত্রীনিবাসের রান্নাঘরে বাবুর্চি, টেবিল বয়, সুইপার ও নৈশপ্রহরীর সংকটও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, এখানে তত্ত্বীয় বিষয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য জেলা হাসপাতালের ওয়ার্ডে দিন বা রাতে দায়িত্ব পালন করতে হয়। এ ছাড়া প্রয়োজনীয় শিক্ষকের অভাব ও আবাসনসংকটে তাঁদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। ছাত্রীনিবাসে দুজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী আছেন। কিন্তু নারী পরিচ্ছন্নতাকর্মী নেই। ফলে মাঝেমধ্যে তাঁদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। একজন নারী পরিচ্ছন্নতাকর্মী থাকলে তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
জানতে চাইলে নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্ধ্যা রানী পাল প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত করতে ইনস্টিটিউটে আরও শিক্ষকের পদ সৃষ্টি করা দরকার। শিক্ষার্থীদের আবাসনসংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।