দিনাজপুর, সিরাজগঞ্জ ও মাদারীপুরের শিবচরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল-যোগে নীলফামারী সদর থানায় কর্মস্থলে যাওয়ার পথে গতকাল সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের ভূষিরবন্দর ব্রিজের কাছে ছিটকে পড়ে এএসআই মো. আবদুর রশিদ (২৬) নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জ ইউনিয়নের মহুভাষী গ্রামের মো. আবদুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার নুকালী এলাকায় গতকাল ভোররাতে বিপরীতগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোতাহার আলী (৪৫) ও আবদুল মান্নান (৩৫) নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। মোতাহার আলীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গ্রামে এবং আবদুল মান্নান বরগুনা জেলায়। তাঁরা সবাই ট্রাকের যাত্রী।শিবচর (মাদারীপুর): শেখ ফজিলাতুন্নেসা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার সিনিয়র শিক্ষক মো. কাওসার শিকদার (৪২) গতকাল প্রাতর্ভ্রমণ করছিলেন। এ সময় পাঁচ্চর থেকে জাজিরাগামী একটি ট্রাক শিবচর পৌর এলাকার গোমস্তা বাড়ির কাছে সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের আবদুল মালেক শিকদারের ছেলে।