শিক্ষক ও কক্ষসংকট, পাঠদানে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে। কিন্তু রয়েছে শিক্ষক, শ্রেণিকক্ষসহ নানা সংকট। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৯০ সালে স্থাপিত। বর্তমানে শিক্ষক আছেন ১৪ জন। শিক্ষার্থীর সংখ্যা ৭৬৮। প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে দুটি করে শাখা রয়েছে। এতে শ্রেণিকক্ষের প্রয়োজন ১৫টি, কিন্তু আছে মাত্র আটটি। এ কারণে খোলা আকাশের নিচে ও বারান্দায় শিক্ষার্থীদের পড়ানো হয়। মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি চালু থাকলেও উন্নীত করা প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো তা চালু হয়নি। এ বিদ্যালয়েও মাধ্যমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস ছাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পঞ্চম শ্রেণির ফলাফলে উপজেলা পর্যায়ে টানা দ্বিতীয় স্থান এবং পৌর এলাকার বাইরে প্রথম স্থান অর্জন করে আসছে। এ কারণে ২০১৩ সাল থেকে আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি খোলা হয়। এ বছর অষ্টম শ্রেণি খোলা হয়েছে। এ কারণে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ, বেঞ্চ, টেবিল-চেয়ার ও শিক্ষক অপর্যাপ্ত। এতে বিদ্যালয় পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কাঁচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করায় নানা সংকট দেখা দিয়েছে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।