শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় ওঠা এই অনিয়ম তদন্তের জন্য কমিটি গঠন করা হলেও এবং কমিটি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি অনিয়ম হয় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখায়। বিভিন্ন সময়ে এ শাখার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও এসব ঘটনার কোনো তদন্ত কিংবা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। গত জুলাই মাসে ওই দপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হাসেমের বিরুদ্ধে সংস্কারকাজে ব্যবহূত বৈদ্যুতিক তার চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সহকারী পরিচালক আবদুল কাদেরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। তিনি অভিযোগটি পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক নজরুল ইসলামের কাছে জমা দেন। কিন্তু নজরুল ইসলাম বিষয়টি উপাচার্যকে জানাননি কিংবা এ ব্যাপারে কোনো ব্যবস্থাও নেননি। এ বিষয়ে মন্তব্য জানতে নজরুল ইসলামের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল শাখার মতো যানবাহন শাখার শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। যানবাহন কর্মকর্তা মঈনুল ইসলামের বিরুদ্ধে তেল চুরি, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ ক্রয়সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। গত বছরের ১৮ এপ্রিল এসব অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে ওই সময় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এর আগেও তাঁর বিরুদ্ধে অপর এক তদন্ত কমিটি বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তখনো বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।২০০৯ সালের শেষের দিকে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক আবদুল হান্নানের বিরুদ্ধে শিক্ষার্থীরা পাঠদানে অযোগ্যতাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁর অপসারণ চেয়ে প্রশাসনের কাছে অভিযোগপত্র দেন। কিন্তু পরে যন্ত্রকৌশল বিভাগের কয়েকজন শিক্ষক ওই আবেদন প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখালে তাঁরা তা প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক আবদুল হান্নানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নিই, উপরন্তু পরবর্তী সময়ে তাঁকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি যন্ত্রকৌশল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।পুরকৌশল বিভাগের অধ্যাপক খসরু মিয়া ফজলুর রহমান খান হলের প্রাধ্যক্ষ থাকাকালে তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনার প্রায় এক বছর হতে চললেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি নঈম শেখ প্রথম আলোকে বলেন, ওই হলে নতুন আরেক শিক্ষককে দায়িত্ব দেওয়ায় তখন ব্যবস্থা নেওয়া হয়নি।চলতি বছরের গোড়ার দিকে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কৌশল বিভাগের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ক্লাস ফাঁকি দেওয়া ও এর প্রতিবাদ করায় পরীক্ষায় শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার অভিযোগ ওঠে। গত ১৭ জানুয়ারি প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ওই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষকেরা নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখান।সম্প্রতি টেক্সটাইল কৌশল বিভাগের প্রধান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ খালেদ খলিলের কার্যালয়ের টেলিফোন থেকে উপাচার্যের বাসায় ফোন করে আপত্তিকর কথা বলা হয়। পরে এর সত্যতা নিশ্চিত করে উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করেন। সেখানে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ার পরও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, গুটি কয়েক শিক্ষক, কর্মকর্তার কারণে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অথচ রহস্যজনক কারণে প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য অভিশাপ। আর শিক্ষক-কর্মকর্তারা যতই অপরাধ করুন না কেন, তাঁরা আশীর্বাদ। এসবের প্রতিবাদ করতে গেলে কোনো কোনো শিক্ষক পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন করা, এমনকি নম্বর কম দেওয়ার মতো কাজ করেন।’উপাচার্য এম সবদার আলী প্রথম আলোকে বলেন, ‘যানবাহন শাখায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ আসার পর তিনি তদন্তের জন্য কমিটি গঠন করেন। কিন্তু ওই প্রতিবেদনে একজন শিক্ষকের চরিত্র হননের চেষ্টার সন্দেহ হওয়ায় কমিটিকে নতুন করে প্রতিবেদন দিতে বলি। কিন্তু তারা আর প্রতিবেদন দেয়নি। কমিটি যথাযথ তদন্ত করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অন্যান্য বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি।’