শিক্ষক ও কর্মচারী চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত ছুটিতে থাকায় এক শিক্ষককে চাকরিচ্যুত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে এক কর্মচারীকে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৮৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের দুই সদস্য লোক প্রশাসন বিভাগের সভাপতি কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ও অর্থনীতি বিভাগের শিক্ষক নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী শিক্ষক ও কর্মচারীর চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন। চাকরিচ্যুত শিক্ষক হলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এস এম নুরুল আমিন। তিনি গত বছরের ২৩ মার্চ থেকে অননুমোদিত শিক্ষাছুটিতে আছেন। এর আগে তিনি শিক্ষাছুটি নিয়ে মালয়েশিয়া যান। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নুরুল আমিনের শিক্ষাছুটির মেয়াদ গত বছরের ২২ মার্চ শেষ হয়ে যায়। এর পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। নির্ধারিত শিক্ষাছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য নুরুল আমিনকে কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি নোটিশের জবাব দেননি এবং চাকরিতে যোগদানও করেননি। তাই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’ অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর শিশুসন্তানের ওপর যৌন নিপীড়নের দায়ে প্রীতিলতা হলের নিরাপত্তা প্রহরী মোতাহের হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। গত বছরের ২৫ জুন এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনে মোতাহের হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। এদিকে, একই সিন্ডিকেটে বিভিন্ন বিভাগে ৩১ জন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।