শিক্ষক ও ছাত্র নিহতের জেরে চার স্থানে সড়ক অবরোধ
দিনাজপুরের বীরগঞ্জে গতকাল রোববার বাসের চাপায় এক সাবেক শিক্ষক নিহত হওয়ার ঘটনায় জনতা সড়ক অবরোধ করে রাখে। যশোর, সাতক্ষীরা ও রাজশাহী নগরে সড়ক দুর্ঘটনায় তিন ছাত্র নিহত হয়। এসব ঘটনায় ওই তিন স্থানে সড়ক অবরোধ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানোর খবর:দিনাজপুর: বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে গতকাল রোববার সকাল নয়টায় ঢাকা গামী একটি যাত্রীবাহী বাসের চাপায় আমির উদ্দিন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজহাটে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারণে দিনাজপুর ও রংপুরের সঙ্গে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের এবং ঠাকুরগাঁও জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেল ৩ টায় জনতা অবরোধ তুলে নেয়।যশোর: যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার জামতলায় ট্রাকের ধাক্কায় গতকাল রোববার শিমুল হোসেন (১৫) নামের এক ছাত্র নিহত হয়েছে। সে শার্শার ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাড়ি শার্শার বড়বাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম বাবলুর রহমান। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা ওই সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে । সাতক্ষীরা: কলারোয়া উপজেলার চারা বটতলায় গতকাল বেলা একটায় ট্রাকের চাপায় মো. আল-আমিন (১৬) নামে এক ছাত্র নিহত হয়েছে। সে একই উপজেলার কোটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও ইলিশপুর গ্রামের সাইকেল মিস্ত্রী আমিনুর ইসলামের ছেলে। ঘটনার পর উত্তেজিত জনতা সাতক্ষীরা-যশোর মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। রাজশাহী: নগরীর বিডিআর ক্যাম্পের সামনে গতকাল বাস চাপায় রাজশাহী ক্যান্টনম্যান্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র ইমতিয়াজ আহমেদ ইমন নিহত হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে ৪ টি যানবাহন ভাঙচুর করে। বোয়ালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে লোকজন অবরোধ প্রত্যাহার করে নেয়।