শিক্ষক ও ছাত্রী নির্যাতনে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে হাতিয়ার ওছখালি এলাকায় গতকাল সকালে শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে হাতিয়ার ওছখালি এলাকায় গতকাল সকালে শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো

নোয়াখালীর হাতিয়ায় শিক্ষক ও ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ওছখালি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।
গত ২৮ জানুয়ারি উপজেলার চরকিং বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলামের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ছাড়া ৩০ ডিসেম্বর এক ছাত্রীকে বিদ্যালয়ের ফটক থেকে তুলে নিয়ে ধর্ষণ করে সন্ত্রাসীরা। এসব ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
দুটি ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বেলা ১১টায় উপজেলা সদরে এ এম উচ্চবিদ্যালয়ের সামনের ওছখালি-জাহাজমারা সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও পোস্টার বহন করে।
সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আ ন ম হাছান, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে আজিম, হাতিয়া মহিলা কলেজের শিক্ষক নুর আলম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষক ও ছাত্রী নির্যাতনের ঘটনায় থানায় পৃথক মামলা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। শিক্ষক ফখরুল ইসলামের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলও উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে জানানো হয়।