নেই বিষয়ভিত্তিক কোনো শিক্ষক। নেই কোনো পাঠ্যবইও। এভাবেই পেরিয়ে যাচ্ছে বছরের পাঁচটি মাস। অথচ আগামী জুন মাস থেকে শুরু হবে ষাণ্মাসিক পরীক্ষা।আর এ ধরনের নাজুক পরিস্থিতির মধ্যেই অষ্টম শ্রেণীর বৌদ্ধধর্ম শিক্ষার পাঠদান চলছে। চট্টগ্রামের বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয় সম্পর্কে এমনই অভিযোগ করলেন অভিভাবকেরা। এ বিষয়ে সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিভিন্ন স্কুলে বৌদ্ধধর্মের শিক্ষকের সংখ্যা কম। শিক্ষকসংকট নিরসনে কিছুদিন আগে নিয়োগ পরীক্ষা আহ্বান করেছি। যদিও অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়। আগামীতে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হলে এ সংকট আর থাকবে না আশা করছি।’বোর্ড নির্ধারিত বৌদ্ধধর্মের বইয়ের প্রসঙ্গে তিনি বলেন, বোর্ড থেকে পাওয়া বইয়ের স্বল্পতার কারণে এ সমস্যা হচ্ছে। শিক্ষা কর্মকর্তা আপাতত অনলাইন থেকে বই নামিয়ে (ডাউনলোড) ছাত্রদের পড়তে অনুরোধ করেন।জানা যায়, বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বোর্ড নির্ধারিত বৌদ্ধধর্মের পাঠ্যবই হাতে পায়নি এখনো। এ বিষয়ে পাঠদানের জন্য বিদ্যালয়ে কোনো বৌদ্ধধর্মের শিক্ষকও নেই অনেক দিন ধরে। হিন্দুধর্মের শিক্ষক দিয়েই আপাতত পাঠদানের কাজ চালানো হচ্ছে। করপোরেশন সূত্রে জানা গেছে, এখন সিটি করপোরেশনের বিদ্যালয়গুলোতে গরমের ছুটি চলছে। আগামী ৮ জুন এসব বিদ্যালয় খুলবে। ৯ জুন থেকে ষাণ্মাসিক পরীক্ষা শুরু হবে। বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথ শিক্ষক-সংকটের কথা স্বীকার করেছেন। তবে ছাত্ররা সবাই বই পেয়েছে বলে তিনি দাবি করেন। অভিভাবক রাজন বড়ুয়া বলেন, ‘বই পেয়েও না পাওয়ার অভিযোগ করে আমাদের কী লাভ? কয় দিন পরেই স্কুলের ষাণ্মাসিক পরীক্ষা। অথচ এখনো বৌদ্ধধর্মের বই ও শিক্ষক ছাড়াই পড়াশোনা চলছে। দীর্ঘদিন থেকে এ স্কুলে বৌদ্ধধর্মের কোনো শিক্ষক নেই। বোর্ডের বই না পাওয়ায় অগত্যা আমরা অনলাইন থেকে বই ডাউনলোড করে দিয়েছি।’