শিক্ষক ও শিক্ষার্থীদের শোক র্যালি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জো কলেজের ছাত্র খায়রুল কবিরের (১৭) মৃত্যুতে গতকাল শনিবার শোক র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
বেলা ১১টার দিকে কলেজ থেকে ওই শোক র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেটি গুরুদাসপুর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে কলেজের উপাধ৵ক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন খায়রুলের সহপাঠি এহসান, শেখ সবুজ, সরকার হাসান ও সরদার হাসান।
খায়রুলের শিক্ষক ও সহপাঠিরা তার অকাল মৃত্যুর জন্য দায়ী অবৈধ ট্রলির চালককে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করেন। একই সঙ্গে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন ট্রলি, নছিমন, টেম্পো ও বাস চলাচল বন্ধ, গুরুত্বপূর্ণ মোড়ে গতি নিদের্শক, সড়ক বিভাজক ও জেব্রা ক্রসিং দেওয়ার দাবি জানান তাঁরা। পরে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি ইউএনওকে দেওয়া হয়।
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, ভবিষ্যতে এমন মৃত্যুর ঘটনা যাতে না ঘটে, সে জন্য অবৈধ যানবাহন উচ্ছেদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, নিহত খায়রুলের পরিবারের পক্ষ থেকে গতকাল শনিবার পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
খায়রুল কবির উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোলশুরাদড়িপাড়া গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে সহপাঠি শাওনের মোটরসাইকেলে করে খায়রুল উপজেলা সদরে প্রাইভেট পড়তে আসে। পথে ঈদগাহ মাঠের কাছে ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে খায়রুল প্রাণ হারায়। শাওন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।