শিক্ষার্থী অনুপাতে শিক্ষক ও শ্রেণিকক্ষ নেই। নেই প্রয়োজনীয়সংখ্যক ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। শিক্ষার্থীদের চলাচলের জন্য বাস প্রয়োজন তিনটি, কিন্তু আছে একটি। এ রকম নানামুখী সংকটে একদিকে শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে অন্যদিকে ব্যাহত হচ্ছে পাঠদান। এ চিত্র মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান মৌলভীবাজার সরকারি কলেজের।
কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘কলেজে নানা ধরনের সংকট আছে। কিছু বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা প্রয়োজন। দর্শন ও ইসলামের ইতিহাসে মাস্টার্স কোর্স না থাকায় অনেক শিক্ষার্থীর পক্ষে উচ্চতর শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে শিক্ষক ও শ্রেণিকক্ষসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী অনুপাতে কলেজে ৯০টি শ্রেণিকক্ষ প্রয়োজন, কিন্তু আছে মাত্র ৪২টি। এসব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার। ২০০১ থেকে এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালু আছে। দর্শন ও ইসলামের ইতিহাস বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু থাকলেও শিক্ষকসংকটের কারণে স্নাতকোত্তর কোর্স চালু করা যায়নি। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও এর মানোন্নয়নের জন্য গঠিত এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক পর্যায়ের প্রতিটি বিভাগে সাতজন এবং স্নাতকোত্তর পর্যায়ে ১২ জন করে শিক্ষকের পদ থাকার কথা। কিন্তু স্নাতকে চারটা ও স্নাতকোত্তরে সাতটা করে পদ আছে। ফলে শিক্ষকসংকট লেগেই আছে।
কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে ৮০টি শিক্ষকের পদ আছে। এর মধ্যে বাংলা বিভাগে অধ্যাপকের একটি, সহযোগী অধ্যাপকের একটি ও প্রভাষকের দুটি, রাষ্ট্রবিজ্ঞানে প্রভাষকের একটি, দর্শনে প্রভাষকের দুটি, ইতিহাসে প্রভাষকের একটি, ইসলামের ইতিহাসে প্রভাষকের দুটি, পদার্থবিজ্ঞানে প্রভাষকের একটি, রসায়নে প্রভাষক ও প্রদর্শকের একটি করে পদ শূন্য।
কলেজ সূত্রে জানা গেছে, এখানে শ্রেণিকক্ষসংকট তীব্র হয়ে উঠেছে। এ কারণে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কক্ষ নেই। বিভিন্ন বিভাগের কক্ষে ক্লাস নেওয়া হচ্ছে। অনার্সের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। শ্রেণিকক্ষের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শৌচাগার নেই।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, ছাত্রী মিলনায়তনের শৌচাগার অনেক সময়েই ব্যবহার উপযোগী থাকে না। মিলনায়তনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাত্র মিলনায়তনের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। ছাত্ররা প্রয়োজনে বিভাগের শৌচাগার ব্যবহার করছেন। বর্তমানে দুটি ছাত্রীনিবাস ও একটি ছাত্রাবাস থাকলেও তাতে সবাইকে আসন দেওয়া সম্ভব হয় না।
বিএসএস শেষ পর্বের ছাত্র এ কে এম সুমন গতকাল বলেন, ‘কলেজে ক্লাসরুম সংকট মারাত্মক। ইন্টারের (উচ্চমাধ্যমিক) ক্লাসে গিয়ে ডিগ্রির ক্লাস করতে হয়। ডিগ্রির জন্য নির্দিষ্ট কোনো ক্লাসরুম নেই। বছরে ডিগ্রির তিন-চারটা ক্লাস হয় কি না সন্দেহ। ক্লাসরুম না বাড়ালে এ সংকট কাটবে না।’
স্নাতক (সম্মান) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র বাপন কান্তি পাল বলেন, ‘শিক্ষক ও ক্লাসরুমের সংকটে নিয়মিত ক্লাস হয় না। দু-তিন মাস যায় ক্লাসের খবর নেই। অনেক সময় কলেজে গিয়ে ফেরত আসি।’
কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) শেষবর্ষের শিক্ষার্থী সুবিনয় রায় শুভ বলেন, শিক্ষক কম থাকায় একজন শিক্ষককে অনেক ক্লাস নিতে হচ্ছে। এতে অনার্সের ক্লাস কম হচ্ছে। এক-দুজন শিক্ষকের পক্ষে সব ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে যতটা ক্লাস হওয়ার কথা, তা হচ্ছে না। এ ছাড়া সেমিনারে বই সংকট আছে।
একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র কনক কান্তি ভৌমিক বলেন, ‘ক্লাসরুমের সমস্যা আছে। ছাত্র প্রচুর। মাইক ছাড়া ক্লাসে কথা শোনা যায় না। অনেক সময় ক্লাসে মাইক থাকে না।’
শ্রেণিকক্ষসংকট দূর করতে কলেজের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দুটি আটতলা একাডেমিক ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। আর শিক্ষকসংকট নিরসনে এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী এখানে ১০ জন অধ্যাপক, ২৪ জন সহযোগী অধ্যাপক, ৩৪ জন সহকারী অধ্যাপক, ১৭ জন প্রভাষক ও ২ জন প্রদর্শকসহ আরও ৮৭টি পদ সৃষ্টির জন্য একই অধিদপ্তরে আবেদন পাঠানো হয়েছে। এ ছাড়া তারা এখানে ফিন্যান্স, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটাবিলিট, গার্হস্থ্য অর্থনীতি ও সমাজকর্ম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালুর আবেদন করেছে।