শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও শ্রেণীকক্ষ-সংকটে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের নিকলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান (ক্লাস) ব্যাহত হচ্ছে। এ বিদ্যালয়ের মাত্র ১৫ জন শিক্ষক সহস্রাধিক শিক্ষার্থীকে পাঠদান করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। আর শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে ক্লাস করতে হচ্ছে।
প্রধান শিক্ষক দিল আফরোজা বলেন, ‘প্রতিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক থাকার কথা। আমাদের এখানে এক হাজার ২৪৮ জন শিক্ষার্থী আছে। সেই হিসাব অনুযায়ী কমপক্ষে ৩১ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু আছেন মাত্র ১৫ জন। এ ছাড়া কক্ষসংকটে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসাতে হচ্ছে।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থী অনুপাতে এখানে ২১টি শ্রেণীকক্ষ দরকার। কিন্তু বর্তমানে তিনটি ভবনে মাত্র ১১টি শ্রেণীকক্ষ আছে। এর মধ্যে শিশু শ্রেণী ছাড়া অন্য সব শ্রেণীতেই দুটি করে শাখা রয়েছে। বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত টানা পাঠদান করেন। যা তাঁদের জন্য অত্যন্ত কষ্টের।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন জানান, শিক্ষক নিয়োগ করার বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া জানান, ওই বিদ্যালয়ে শ্রেণীকক্ষ বাড়ানোর জন্য খুব তাড়াতাড়ি একটি বহুতল ভবন নির্মাণ হবে। আর শিক্ষক বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।