প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ এবং শ্রেণীকক্ষের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। ক্যাম্পাস সূত্র জানায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা প্রথমে বিভাগের সামনে অবস্থান ধর্মঘট করেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে তাঁরা উপাচার্যের কাছে সঞ্চারকলিপি দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাইক্রোবায়োলজি বিভাগের চারটি ব্যাচে ২৫০ জন শিক্ষার্থী আছেন। শিক্ষার্থী অনুপাতে বিভাগে ৮-১০ জন শিক্ষকের প্রয়োজন। কিন্তু শিক্ষক আছেন মাত্র তিনজন। এর মধ্যে একজন শিক্ষক বিদায় নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে ও একজন উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে যাচ্ছেন। শিক্ষার্থীরা জানান, এ ছাড়া চারটি ব্যাচের জন্য আছে মাত্র একটি শ্রেণীকক্ষ। নেই ল্যাব সহকারীও। রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।