শ্রেণীকক্ষ ও শিক্ষক-সংকটে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ১৪ হাজার শিক্ষার্থীর পড়ালেখা বিঘ্নিত হচ্ছে।কলেজ সূত্র জানায়, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ১৯৮০ সালে সরকারীকরণ করা হয়। বর্তমানে উচ্চমাধ্যমিকসহ ১৩টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার। বিধিমোতাবেক এখানে ৭০ জন শিক্ষক প্রয়োজন। অথচ বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫০ জন। রসায়ন বিভাগের সম্মান শ্রেণীর ছাত্র বাকি বিল্লাহ জানান, শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হয় না। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি বিভাগের জন্য মাত্র দুটি শ্রেণীকক্ষ রয়েছে। প্রতিটি বিভাগের চারটি নিয়মিত ব্যাচ। তবে সেশনজটের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে। এতে প্রতিটি বিভাগের জন্য অন্তত ছয়টি শ্রেণীকক্ষ প্রয়োজন।ইংরেজি বিভাগে অধ্যয়নরত শামীম হোসেন জানান, এক ব্যাচের ক্লাস চললে বাকি ব্যাচের শিক্ষার্থীরা ঘুরে বেড়ান। একই বিভাগের ছাত্র বুলবুল আহমেদ জানান, বছরে ৪০ থেকে ৫০ দিনের বেশি ক্লাস হয় না। অথচ কমপক্ষে ৩০০টি ক্লাস হওয়ার কথা। যাঁদের আর্থিক সচ্ছলতা রয়েছে তাঁরা বাইরের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ে সিলেবাস শেষ করেন। আর যাঁদের আর্থিক সচ্ছলতা নেই তাঁরা ক্লাসের পড়া শেষ করতে পারেন না। তাঁদের ফলাফলও খারাপ হয়।কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান কলেজের নানা সমস্যার কথা স্বীকার করে জানান, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৗশলীকে সমস্যার বিষয়ে অবহিত করা হয়েছে।