শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের জন্য গৃহনির্মাণ ঋণ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার প্রায় ৫২ বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহনির্মাণ ঋণ চালু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ঋণ দেওয়া শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই করপোরেট ঋণ প্রদানের জন্য অ্যাপলায়েড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মাজেদুর রহমানকে সভাপতি ও অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট) এস এম ফয়সাল আরেফীনকে সদস্যসচিব করে ‘করপোরেট লোন প্রদান কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরির মেয়াদ ৫ বছর হয়েছে, এমন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গৃহনির্মাণ বাবদ ঋণ নিতে পারবেন। চাকরির মেয়াদ ভেদে প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের শিক্ষক ও কর্মকর্তারা সর্বোচ্চ ৪০ লাখ, সপ্তম থেকে দশম গ্রেডের শিক্ষক ও কর্মকর্তারা সর্বোচ্চ ২০ লাখ, ১১তম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ ১৫ লাখ এবং ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করতে পারবেন। ১১ শতাংশ সুদ হারে ঋণ গ্রহীতারা ১৫ বছরে বা ১৮০ কিস্তিতে তা পরিশোধ করার সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রূপালী ব্যাংক রুয়েট শাখার মধ্যে এই করপোরেট ঋণ প্রদানসংক্রান্ত একটি চুক্তি গত বুধবার স্বাক্ষরিত হয়েছে।
রূপালী ব্যাংক রুয়েট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা বলেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গৃহনির্মাণ বাবদ দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের জন্য এই তহবিলে প্রাথমিকভাবে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরে এই তহবিলে রূপালী ব্যাংকের পক্ষ থেকে আরও ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।