শিক্ষক-কর্মকর্তা নিয়োগ বন্ধে হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ-প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। এসব নিয়োগে নীতিমালা লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ এনে দাখিল করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন বলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক দাবি করেছেন।
এদিকে নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ এনে নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবিতে ছাত্রদল গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের প্রধান মো. সিদ্দিকুল ইসলাম জানান, মঞ্জুরি কমিশনের অনুমোদন না নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘন করে অতিসম্প্রতি রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় গত রোববার তিনিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা নিয়োগ-প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ছয় মাসের জন্য ওই সব নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-শিক্ষক-কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিকেল চারটায় আয়োজিত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সব ধরনের দলীয়করণ ও বিতর্কিত নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, যুবলীগ, ছাত্রলীগ ও সরকারি দলের কর্মী-সমর্থকদের নিয়োগ দিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী ভূমিকা পালন করছে। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের নেতা জামিল আহমদ। মীর মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রনেতা নাইম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, কোনো ধরনের বিতর্কিত নিয়োগ না দিতে উপাচার্যকে ১৫ দিন আগে আমরা সঞ্চারকলিপি দিয়েছিলাম। কিন্তু তিনি সেটা আমলে নেননি।
আওয়ামী লীগপন্থী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি মো. জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপি-জামায়াত-সমর্থিত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে স্থবির করার জন্য বিষয়টি আদালতে নিয়ে গেছে।
উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার বলেন, ‘আজ নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর এক আইনজীবী স্বাক্ষরিত কাগজে নিয়োগ-প্রক্রিয়ার বিষয়টি স্থগিতের খবর পাই। তবে আদালতের নির্দেশনাসংবলিত দাপ্তরিক কোনো কাগজপত্র আমাদের হাতে পৌঁছায়নি।’