শিক্ষক-কর্মকর্তাদের পাল্টাপাল্টি মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। অন্যদিকে প্রক্টর মো. আবদুল বাসেতের বিরুদ্ধে রেজিস্ট্রারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে আরেকটি মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার ক্যাম্পাসে পাল্টাপাল্টি এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টার দিকে ক্যাম্পাসের প্রধান সড়কে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন। বেলা সাড়ে ১১টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির পক্ষ থেকে রেজিস্ট্রার কর্তৃক প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানানো হয়।
কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বেলা ১২টার দিকে অফিসার্স পরিষদের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন পালন করেন। এতে প্রক্টর আবদুল বাসেতের পদত্যাগ ও চূড়ান্ত বহিষ্কারের দাবি জানানো হয়।