জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বহনকারী একটি বাস গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। তবে এতে কেউ হতাহত হননি। ঢাকার সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল আটটার দিকে বিপিএটিসির সামনে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-আরিচা মহাসড়কে দায়িত্ব পালন করছিল সার্জেন্ট আহাদ মিয়ার নেতৃত্বে সাভার হাইওয়ে পুলিশের একটি টহলদল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী একটি পণ্যবোঝাই ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তখন ঢাকার দিক থেকে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি দ্বিতল বাস সেখান দিয়ে যাওয়ার সময় ট্রাকের পেছনে লেগে যাওয়ার উপক্রম হয়। বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফুটওভার ব্রিজের মাঝের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় বাসের আরোহীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে আসেন।পরে রাস্তার ওপর ট্রাকটি দাঁড় করিয়ে রাখায় বাসের আরোহীরা ট্রাকচালককে মারধর শুরু করেন। তখন ট্রাকচালক জানান, ট্রাক থামিয়ে কাগজপত্র দেখার অজুহাতে পুলিশ চাঁদা দাবি করেছিল। তিনি চাঁদা না দেওয়ায় পুলিশ ট্রাকটি ছাড়ছিল না এবং তিনিও রাস্তার ওপর থেকে ট্রাক সরানোর সময় পাননি। এ কথা জানার পর বাসের আরোহীরা ট্রাফিক পুলিশের সদস্যদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পুলিশ মহাসড়কসংলগ্ন সাভার হাইওয়ে ফাঁড়ির ভেতরে ঢুকে যায়।চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট আহাদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘কনস্টেবলরা মাঝেমধ্যে টাকাপয়সা নিয়ে থাকতে পারেন, কিন্তু কোনো কর্মকর্তা এসবের সঙ্গে জড়িত নন।’