শিক্ষক-কর্মচারীদের ঈদের আনন্দ মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ঈদের আগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ২৮৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর তিন মাসের বকেয়া বেতনসহ বোনাস হলো না। এ ছাড়া অন্তর্বর্তীকালীন ৩৩৩ জন শিক্ষক-কর্মচারীর গত মে ও জুন মাসের বকেয়া বেতনও হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ২৮৫। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ায় মোট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৬১৮-তে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন ৩৩৩ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মে ও জুনের বেতন বকেয়া পড়েছে। জুন পর্যন্ত তাঁদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন চাকরির মেয়াদ ছিল। এ ছাড়া নিয়মিত ২৮৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মে থেকে জুলাই—এই তিন মাসের বকেয়া বেতনসহ ঈদের বোনাস বকেয়া রয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, ইউজিসি ২৮৫ জনের বেতন পাঠিয়ে থাকে। কিন্তু ওই টাকার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে টাকা ঋণ নিয়ে ৬১৮ জনের গত এপ্রিল মাস পর্যন্ত বেতন পরিশোধ করা হয়।সম্মিলিত শিক্ষকসমাজের আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাস না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ কেমন হবে, তা কী আর বলার অপেক্ষা রাখে?সহকারী রেজিস্ট্রার গোলাম মোস্তফা বলেন, ‘আমরা আশা করেছিলাম, ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পাব। কিন্তু তা না হওয়ায় এবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেল।’উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, সাবেক উপাচার্যের আমলে পদ সৃষ্টি না করে অতিরিক্ত লোকবল নিয়োগ দিয়ে বেতন দেওয়া হয়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের তহবিলে কোনো টাকা জমা নেই।