ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে গতকাল রোববার সকাল থেকে দুই দিনের কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-কর্মচারীরা। এ সময় শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রের মূল ফটকের সামনে অবস্থান নেন। দুপুর একটা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলে।জানা যায়, ‘পাঁচটি বিভাগীয় সদরে পাঁচটি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের অধীনে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। দীর্ঘ ছয় মাস ধরে তাঁদের কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না।কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন বেতন না পেয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। উন্নয়ন প্রকল্পের আওতাধীন হওয়ায় চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও শুরু হয়েছে। এই অনিশ্চয়তা থেকে রক্ষার জন্য আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ তিনি বলেন, চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের লক্ষ্যে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।