শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বাধা, ২ নেতাকে আটকের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা লাগাতর অবস্থান শুরু করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। জাতীয় প্রেসক্লাব, ১০ জুন। ছবি: প্রথম আলো
এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা লাগাতর অবস্থান শুরু করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। জাতীয় প্রেসক্লাব, ১০ জুন। ছবি: প্রথম আলো

এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা লাগাতার অবস্থান শুরু করতে চাইলেও পুলিশ তা করতে দেয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষক-কর্মচারী। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরুর কথা ছিল। 


নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়কে পুলিশ আটক করে নিয়ে গিয়ে পরে ছেড়ে দেয়। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।

সংগঠনটির সহসভাপতি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল নয়টার পর থেকে তাঁরা প্রেসক্লাবের সামনে কর্মসূচির পালনের জন্য আসতে থাকেন। কিন্তু পুলিশ সেখানে তাঁদের বসতে বাধা দেয়। তাঁদের সরিয়ে দেয়। এর মধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদককে পুলিশ নিয়ে যায়।

বেলা দেড়টার দিকে ফেডারেশনের সভাপতি গোলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের পুলিশ পল্টনে নামিয়ে দিয়ে গেছে। এখন তাঁরা পরবর্তী কর্মসূচি ঠিক করছেন।

আন্দোলনে থাকা এসব শিক্ষক-কর্মচারী গত বছরের ২৬ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে লাগাতর আন্দোলন শুরু করেছিলেন। এর একপর্যায়ে চলতি বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান অনশনস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু গত বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নতুন এমপিওভুক্তির স্পষ্ট কোনো ঘোষণা দেননি। এ প্রেক্ষাপটে শিক্ষকেরা আবার আন্দোলন শুরু করেছেন।