শিক্ষক-কর্মচারীদের টাকা কেটে নেওয়ার হার বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আপত্তির মুখে অবসর ও কল্যাণসুবিধার জন্য তাঁদের কাছ থেকে কেটে নেওয়া টাকার হার বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই অবসর ও কল্যাণসুবিধার জন্য তাঁদের কাছ থেকে কেটে নেওয়া টাকার হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন যেহেতু এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

বর্তমানে প্রতি মাসে অবসরের জন্য একেকজন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে ৪ শতাংশ ও কল্যাণসুবিধার জন্য ২ শতাংশ টাকা কেটে রাখা হয়। সম্প্রতি এ হার বাড়ানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী অবসরের জন্য মূল বেতনের ৬ শতাংশ ও কল্যাণসুবিধার জন্য ৪ শতাংশ টাকা কেটে রাখার কথা ছিল। কল্যাণসুবিধার জন্য বর্ধিত হারে টাকা কাটার বিষয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছিল। কিন্তু কিছুদিন ধরেই এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠনগুলো।

সারা দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ। অবসরের পরপরই টাকা পাওয়ার কথা থাকলেও এ জন্য এখন তাঁদের চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।