পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ না করায় কুড়িগ্রামের রৌমারী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের ৩০ জন শিক্ষক-কর্মচারী দুই মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ জুন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল ব্যাংকে জমা করার শেষ দিন ছিল। কিন্তু রৌমারী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল-ভাউচার জমা করা হয়নি। মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরাইয়া বেগম ওই বিল-ভাউচারে স্বাক্ষর না করায় এপ্রিল ও মে মাসের বেতন-ভাতা তোলা যাচ্ছে না। বিষয়টি লিখিতভাবে কুড়িগ্রাম জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। সভাপতি সুরাইয়া বেগম কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) সাংসদ জাকির হোসেনের স্ত্রী।মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোমদেল হক বলেন, ‘সভাপতি বলেন আগে শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হোক। না হলে বেতন বন্ধ। এ ছাড়া ডিগ্রি শাখায় নিয়োগ পাওয়া শিক্ষকদের নিয়োগ বাতিল করে আবার নিয়োগ দিতে হবে। যেহেতু ডিগ্রি শাখা এমপিওভুক্ত হয়নি, তাই তাঁদের নিয়োগ বাতিল করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু তাঁর নির্দেশ কমিটির সদস্য ও শিক্ষকেরা মানতে পারছে না। আর এ কারণে সভাপতি বেতন-ভাতা বন্ধ রেখেছেন।’তবে সভাপতি সুরাইয়া বেগম বলেন, এটা সত্য নয়। প্রকৃত ঘটনা হলো শিক্ষকেরা নিয়মিত ক্লাসে আসেন না। কলেজে কম্পিউটার শিক্ষার ল্যাব নেই। কলেজের সীমানাপ্রাচীর ও গেট নেই। এসব আগে করতে বলা হয়েছে। কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষকদের অবহেলার শায়েস্তা করতেই তাঁদের দুই মাসের বিল-ভাউচারে স্বাক্ষর করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।