শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা দুই মাস ধরে বেতন তুলতে পারছেন না। ব্যবস্থাপনা পর্ষদ পরিপত্র লঙ্ঘন করে বিদ্যালয়ের এক শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় প্রশাসনিক জটিলতায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক দিদারুল ইসলাম চাকরিরত অবস্থায় আত্মহত্যা করেন গত ৩০ এপ্রিল। ব্যবস্থাপনা পর্ষদ ৩ মে শিক্ষক সরোজিৎ কুমার রায়কে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেয়। গত মে, জুন ও জুলাইয়ে সরোজিৎ রায়ের সইয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন তোলা হয়। গত ৮ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি অবৈধ উল্লেখ করে কনিষ্ঠ শিক্ষকের সইয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য রূপালী ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক বরাবর চিঠি দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি সাত্তার পাড়ের কাছে পরিপত্র অনুযায়ী দায়িত্ব চান সহকারী প্রধান শিক্ষক রামপদ বাহাদুর। সভাপতি দায়িত্ব দিতে অস্বীকার করেন। পরে সহকারী প্রধান শিক্ষক কয়রার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। ব্যবস্থাপনা পর্ষদ ১৪ জুন শর্ত সাপেক্ষে রামপদকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী শূন্য পদে রামপদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করার কথা। উদ্ভূত পরিস্থিতিতে জেলা শিক্ষা কর্মকর্তা তাঁর কার্যালয়ে দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। সেখানে রামপদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে বলা হয় এবং রামপদকে বলা হয় মামলা তুলে নিতে। রামপদ সিদ্ধান্ত মেনে নিলেও ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি তা মানেননি। এ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা কনিষ্ঠ শিক্ষকের স্বাক্ষরে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের চিঠি দেন।
সরোজিৎ কুমার রায় বলেন, ‘বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবকিছু করতে রাজি আছি।’ সাত্তার পাড় বলেন, প্রধান শিক্ষক মারা যাওয়ার পর রামপদ মৌখিকভাবে জানান তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে রাজি না। এরপর তাঁকে (সরোজিৎ) দায়িত্ব দেওয়া হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ার হোসেন বলেন, ‘সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’