ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীর পদ রয়েছে ৭৪টি। কিন্তু বর্তমানে সেখানে কর্মরত আছেন মাত্র ১২ জন শিক্ষক-কর্মচারী। তাঁরা সবাই দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রেষণে নিয়োজিত আছেন। ইনস্টিটিউট সূত্র জানায়, অধ্যক্ষসহ শিক্ষকের ৪৪টি পদের মধ্যে আছেন মাত্র চারজন শিক্ষক। চিকিৎসক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৩০টি পদের মধ্যে নিয়োজিত আছেন মাত্র আটজন।ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পাঠদান করা হয়।বর্তমানে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন একজন চিফ ইনস্ট্রাক্টর। এ ছাড়া সেখানে তিনজন ইনস্ট্রাক্টরও কর্মরত আছেন। তৃতীয় শ্রেণীর তিনজন এবং পাঁচজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োজিত আছেন।সূত্র জানায়, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট স্থাপনের পর থেকে সেখানে স্থায়ী পদে কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। ২০০৩ সালে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট স্থাপিত হয়। ২০০৫ সালের ১ জুন ইনস্টিটিউটের প্রশাসনিক কার্যক্রম শুরু এবং ১৭ অক্টোবর প্রেষণে নিয়োজিত দুজন শিক্ষক দিয়ে প্রথম ব্যাচের শ্রেণী কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালের ৭ জুন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটের উদ্বোধন করেন। বর্তমানে প্রভাতি ও দিবা শাখায় ৬২৩ জন শিক্ষার্থী ইনস্টিটিউটে পড়াশোনা করছেন। এর মধ্যে ৫৩৮ জন ছাত্র ও ৮৫ জন ছাত্রী। ফেনী শহর থেকে চার কিলোমিটার দূরে ফেনী-ছাগলনাইয়া সড়কের পাশে মাত্র দুই একর জমির ওপর ফেনী কম্পিউটার ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। সেখানে রয়েছে একটি পাঁচতলা প্রশাসনিক ভবন, একটি পাঁচতলা একাডেমিক ভবন, অধ্যক্ষের দোতলা বাসভবন, ছাত্রদের পাঁচতলা হোস্টেল, ছাত্রীদের তিনতলা হোস্টেল, একটি তিনতলার ক্যানটিন কাম ডরমিটরি ভবন। মাঝখানে একচিলতে খালি জায়গা রয়েছে, যেখানে কেবল ব্যাডমিন্টন খেলা যায়। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ নেই। সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনারও কোনো সুবিধা নেই। সূত্র জানায়, ছাত্র হোস্টেলে ৯২ জন ও ছাত্রী হোস্টেলে ৩৪ জন শিক্ষার্থী রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, তত্ত্বীয় পাঠদান কিছুটা হলেও ব্যবহারিক ক্লাস ও পাঠদান খুবই কম হয়। এতে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তা ছাড়া প্রশিক্ষকের স্বল্পতার কারণে সব ধরনের যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলোর যথোপযুক্ত ব্যবহার হচ্ছে না। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল মান্নান বলেন, শিক্ষক-কর্মচারী সংকট সত্ত্বেও ইনস্টিটিউট মোটামুটি ভালো চলছে। প্রতিষ্ঠানের পাসের হারও সন্তোষজনক।