শিক্ষক-কর্মচারীর সবাই অনুপস্থিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর বোয়ালী কলেজে গতকাল রোববার ৩৬ জন শিক্ষক-কর্মচারী ও ৩১২ জন শিক্ষার্থীর সবাই অনুপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝটিকা পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান।
ইউএনও আবু নাসের বেগ জানান, তিনি কলেজে গিয়ে ৩৬ জন শিক্ষক-কর্মচারীর কাউকে দেখতে পাননি। এ সময় তিনি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন। একপর্যায়ে করণিক সানোয়ার হোসেন কলেজে হাজির হন। অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করলে সানোয়ার জানান, চার-পাঁচ মিনিট আগেও তিনি কলেজে ছিলেন। মিথ্যা বলায় তাৎক্ষণিকভাবে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিও ইউএনও আবু নাসের বেগ। ইউএনও জানান, সোমবার (আজ) সকালে কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ মুঠোফোনে বলেন, ‘কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সাময়িক ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। তবে গতকাল পরীক্ষা না থাকায় আমরা কেউ কলেজে যাইনি। কিন্তু করণিকের ফোন পেয়ে বেলা দেড়টার দিকে কলেজে যাই এবং ইউএনওর নির্দেশে করণিককে শোকজ করি।’