শিক্ষক-কর্মচারীরা পাঁচ মাস পর বেতন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস পর বেতন পেলেন রাজশাহীর বাগমারা উপজেলার তিনটি কারিগরি কলেজের ৮৩ জন শিক্ষক ও কর্মচারী। তবে কলেজ তিনটির অধ্যক্ষ এবং অনিয়ম করে এমপিওভুক্ত হয়েছেন বলে অভিযোগ ওঠা তিন শিক্ষকের বেতন বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হলো নন্দনপুর টেকনিক্যাল বিএম কলেজ, আদর্শ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ এবং শ্রীপুর রামনগর টেকনিক্যাল বিএম কলেজ। এসব কলেজের কয়েক জন শিক্ষক বলেন, সোনালী ব্যাংকের বাগমারার ভবানীগঞ্জ শাখা থেকে তাঁরা বেতন উত্তোলন করে থাকেন। গত এপ্রিল মাসের বেতনের স্মারক ব্যাংকে মে মাসে পৌঁছায়। ওই সময়ে উপজেলার ১২টি কারিগরি বিএম কলেজের মধ্যে ৯টির স্মারক ও এমপিওর কপি ব্যাংকে পৌঁছায়। তিনটি কলেজের এমপিওর কপি ব্যাংকে না আসায় ব্যাংকে বিল জমা এবং বেতন উত্তোলন করতে পারছিলেন না তাঁরা। তখন থেকে পাঁচ মাস আর বেতন তুলতে পারেননি। অবশেষে গত মঙ্গলবার বকেয়া পাঁচ মাসের বেতন সোনালী ব্যাংকের বাগমারা শাখায় পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার অন্তত ২৩ জন শিক্ষক-কর্মচারী বেতন উত্তোলন করেছেন।

নন্দনপুর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, আদর্শ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম এবং শ্রীপুর রামনগর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ আতাউর রহমান কোনো মন্তব্য করতে চাননি। তবে তাঁদের ও অভিযুক্ত তিনজন শিক্ষকের বেতন বন্ধ রাখার কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক নূরুল ইসলাম বলেন, আগস্ট মাস থেকে ৮৩ জন শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় দেওয়া হয়েছে। তিন অধ্যক্ষসহ ছয়জনের বেতন বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান তিনটির সভাপতি বাগমারার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন বলেন, চলতি ও বকেয়াসহ প্রতিষ্ঠান তিনটির বেতন-বিলে তিনি স্বাক্ষর করেছিলেন। ইতিমধ্যে তাঁরা বেতন পেয়ে গেছেন।