শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হলে ডিজিটাল বাংলাদেশ গড়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীরা শিক্ষার ৯০ ভাগ দায়িত্ব পালন করলেও তাঁদের বারবার আন্দোলনের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের অবহেলা করলে ও তাঁরা বঞ্চনার শিকার হলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
১১ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল প্রদান, সরকারি শিক্ষক-কর্মচারীদের অনুরূপ বাড়ি ভাড়া, ইনক্রিমেন্ট, মেডিকেল ও উৎসব ভাতা প্রদান, এমপিওর শর্ত পূরণকারী শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা, আসন্ন বাজেটে শিক্ষাক্ষেত্রে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখা ইত্যাদি।
মানববন্ধনে সমিতির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেন, ১৫ জুনের মধ্যে ১১ দফা মেনে না নিলে আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন সুজিত কুমার দাশ, সুকুমার দত্ত, হুমায়ুন কবির চৌধুরী, শিব প্রসাদ, ইউনুছ মিয়া, জহিরুল ইসলাম, এস এম রাশেদ প্রমুখ। কর্মসূচির শেষে সমিতির নেতারা চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।