নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের ৪২ জন শিক্ষক-কর্মচারী চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। প্রতিষ্ঠানটির দুই শিক্ষকের অধ্যক্ষ পদ দাবি নিয়ে মামলা হওয়ায় আইনি জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কলেজ শাখার শিক্ষক আবদুল মান্নান জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমান ও আরেক শিক্ষক তারিখউল-ইসলাম নিজেদের অধ্যক্ষ দাবি করে উচ্চ আদালতে তাঁরা পরস্পরের বিরুদ্ধে মামলা করায় ১০ বছর ধরে অধ্যক্ষের পদটি খালি রয়েছে। কলেজ পরিচালনা কমিটিও নেই। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় স্বাক্ষর করার জন্য আদালত তাঁকে দায়িত্ব দেন। এত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছিল। সর্বশেষ অধ্যক্ষ দাবিদার তারিখ উল-ইসলাম তাঁর স্বাক্ষরে বেতন-ভাতা উত্তোলনের ওপর উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনেন। ফলে গত জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন বন্ধ হয়ে যায়।
স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি (পদাধিকার বলে) ইউএনও মোছা. ইয়াছমিন আক্তার জানান, তিনি কর্মস্থলে যোগদানের পর থেকেই ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-বিলে স্বাক্ষর করছেন। বর্তমানে প্রতিষ্ঠানপ্রধানের পদ নিয়ে আইনি জটিলতা দেখা দেওয়ায় তিনি বেতন-বিলে স্বাক্ষর করছেন না।
ভুক্তভোগী পাঁচ-ছয়জন শিক্ষক-কর্মচারী বলেন, প্রতিষ্ঠানপ্রধানের পদ নিয়ে জটিলতা থাকলে থাকতে পারে। সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরসন করবে। সেই জটিলতার খেসারত শিক্ষক-কর্মচারীরা দেবেন কেন? তাঁরা এই পেশার ওপর নির্ভরশীল। বেতনের টাকায় তাঁদের সংসার-সন্তানের পড়ালেখার খরচ চলে। এ জটিলতার ফাঁদে তাঁরা আটকে থাকবেন কেন?
অধ্যক্ষ দাবিদার হাবিবুর রহমান বলেন, তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় বিএনপির শাসনামলে তাঁকে প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে দেওয়া হয়। পদ ফিরে পেতে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।
অন্যদিকে তারিখ-উল ইসলামের দাবি, বিএনপি সরকারের সাংসদ এম মোজাম্মেল হকের সময় বিধিসম্মতভাবে তাঁকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ দলীয় সরকারের সময় থেকে তিনি কলেজে যেতে পারছেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষের পদ নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে। এ কারণে পরিচালনা কমিটিও নেই। ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না।