শিক্ষক কাফীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নিপীড়নের দায়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আবদুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের দেওয়া রায়কে পক্ষপাতমূলক অভিহিত করে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতা-কর্মীরা এ দাবি জানান। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকেরা বলেন, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আবদুল্লাহ হেল কাফীকে পদাবনতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বিশ্ববিদ্যালয় চাকরিবিধির পরিপন্থী। তাঁরা বলেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়ের ৭৩-এর অধ্যাদেশ লঙ্ঘন করে ত্রুটিপূর্ণভাবে বিচার-প্রক্রিয়া সম্পন্ন করেছে। অধ্যাদেশ অনুসারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর স্ট্রাকচারাল কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এ ধরনের কমিটিই গঠন করা হয়নি। ফলে অভিযুক্ত শিক্ষকের পক্ষে পরবর্তী সময়ে তদন্ত-প্রক্রিয়া ত্রুটিপূর্ণ দাবি করে আইনি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। অভিযোগকারী শিক্ষিকাকে তাঁর আচরণ সংযত করার যে পরামর্শ সিন্ডিকেট দিয়েছে, তার সমালোচনা করে শিক্ষকেরা বলেন, এর মধ্য দিয়ে অভিযোগকারীকে তাঁর কর্ম সম্পাদনের ক্ষেত্রে কোনো নিরাপত্তা বিধান না করে বরং ভবিষ্যতে নিপীড়নের ক্ষেত্রে ভুক্তভোগীদের বিচার চাওয়ার বিষয়টিকে নিরুৎসাহিত করা হয়েছে। পরে শিক্ষক-শিক্ষার্থীরা সিন্ডিকেটের রায় পুনর্বিবেচনা করে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক কামরুল আহসান, শিক্ষক মাফরুহী সাত্তার, মানস চৌধুরী, সীমা হক, জামাল উদ্দিন, তাসলিমা নাহার, নাসরিন খন্দকার, হিমেল বরকত প্রমুখ।২০০৮ সালের ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী বিভাগীয় সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেনের বিরুদ্ধে এবং গত ১৫ এপ্রিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন নিপীড়নের অভিযোগ করেন। তদন্ত শেষে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় সানোয়ার হোসেনকে যৌন নিপীড়নের দায়ে পদাবনতি দিয়ে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে দুই বছরের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। আইনগত জটিলতা থাকায় আবদুল্লাহ হেল কাফীর বিষয়টি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের ১৯ দিন পর গত বৃহস্পতিবার নিয়মিত্রসিন্ডিকেট সভায় আবদুল্লাহ হেল কাফীকে পদাবনতি দিয়ে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়। একই সঙ্গে তাঁকে বিভাগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া অভিযোগকারী শিক্ষিকাকে তাঁর আচরণ সংযত করার পরামর্শ দেওয়া হয়।