শিক্ষক কার্যালয়ে শিক্ষার্থীরা মাঠে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষক ছুটিতে থাকছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ১৩৫ জন শিক্ষার্থীর পাঠদান করছেন একজন শিক্ষক। ফলে পাঠদানে বিঘ্ন ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে। অনেক সময় ওই শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়লে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বিদ্যালয়ে এক বছর ধরে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। একজন শিক্ষক থাকায় মাঝেমধ্যে আমাকেও ক্লাস নিতে হয়।’
বিদ্যালয় সূত্র জানায়, ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে বিদ্যালয়টি ১৯৭২ সালে ৫২ শতক জমির ওপর স্থাপিত হয়। বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে পাঁচটি। প্রধান শিক্ষক শিউলি ইয়াসমিন বছরের বেশির ভাগ সময় চিকিৎসা ছুটিতে থাকেন। তিনি সর্বশেষ গত ২৯ আগস্ট থেকে ছুটিতে রয়েছেন। সহকারী শিক্ষক রোকসানা খাতুন গত ১ জানুয়ারি থেকে প্রশিক্ষণে রয়েছেন। সহকারী শিক্ষক নুসরাত জাহান গত ২০ নভেম্বর থেকে মাতৃত্বকালীন ছুটিতে। সহকারী শিক্ষক তাহমিনা আক্তার বেশির ভাগ সময় নৈমিত্তিক ছুটিতে থাকেন। এ অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুন্নাহার রিমি কয়েক মাস ধরে ১৩৫ জন শিক্ষার্থীকে একা পাঠদান করছেন। তবে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেলে পাঠদান বন্ধ করে যান।
৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুন্নাহার রিমি একা বিদ্যালয়ের কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন। শিক্ষার্থীরা মাঠে খেলছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘তিনজন শিক্ষক ছুটি ও প্রশিক্ষণে থাকায় আমাকে একা চার ক্লাসের ১৩৫ জন শিক্ষার্থীর পাঠদান করতে হয়। উপজেলা শিক্ষা অফিসে বলেও কাজ হয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, আগামী জানুয়ারিতে ছুটিতে থাকা ও প্রশিক্ষণে থাকা শিক্ষকেরা এলে আর সমস্যা হবে না।