শিক্ষক-খেলোয়াড়দের আহত করার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সরকারি কলেজের শিক্ষক-খেলোয়াড়দের আহত করার প্রতিবাদে এবং এই হামলায় জড়িত টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের শিক্ষার্থীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার শেরপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, শেরপুরের নাগরিক সংগঠন জনউদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, আহত শরীরচর্চা শিক্ষক মঞ্জুরুল হক, প্রথম আলো বন্ধুসভা শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাশুকুর রহমান, কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, খেলাধুলা একটি নির্মল আনন্দের বিষয়। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। টাঙ্গাইলের এম এম আলী কলেজের শিক্ষার্থীরা সম্পূর্ণ অন্যায়ভাবে শেরপুর সরকারি কলেজ দলের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এ ঘটনায় দায়ী লোকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং খেলার মাঠে পুলিশ প্রশাসন ও বোর্ড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূঁইয়া গতকাল মুঠোফোনে বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং দায়ী লোকদের শনাক্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
গত রোববার বিকেলে এম এম আলী কলেজ মাঠে আন্তকলেজ ক্রিকেট প্রতিযোগিতার টাঙ্গাইল অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে এম এম আলী কলেজের শিক্ষার্থীদের হামলায় শেরপুর সরকারি কলেজের এক শিক্ষকসহ ১৯ জন আহত হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, টাঙ্গাইলে হামলায় শেরপুরের কলেজের শিক্ষকসহ আহত ১৯’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।