চট্টগ্রাম নগরের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর থেকে ষষ্ঠ শ্রেণী চালু হয়েছে। কিন্তু বেশির ভাগ বিদ্যালয়ে জানুয়ারির মাঝামাঝি থেকে ভর্তির নির্দেশনা আসায় ছাত্রসংকট দেখা দিয়েছে। পাশাপাশি এসব বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষক ও আসবাব ঘাটতির কথাও জানা গেছে। পাঁচটি বিদ্যালয় হচ্ছে: ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইপাড়া হাজী আবদুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘এটা একটি পাইলট প্রকল্প। এ বছরের শুরুতে মাত্র চালু হয়েছে। আগামীতে ছাত্রসংকট থাকবে না আশা করছি।’ পর্যায়ক্রমে এসব বিদ্যালয়ের শিক্ষক ও আসবাবসংকট নিরসনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।বিদ্যালয় সূত্রে জানা যায়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের জন্য ১১ জন করে শিক্ষক রয়েছেন। আবার প্রতিটি শ্রেণীতে গড়ে দুটি করে শাখা রয়েছে। ফলে একই শিক্ষক দিয়ে নতুন শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠদান কঠিন হবে বলে মনে করেন শিক্ষকেরা। জানা গেছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বেশির ভাগ বিদ্যালয়ে ভর্তির নির্দেশনা আসে। ফলে ছাত্রসংকট দেখা দেয়। তা ছাড়া পঞ্চম শ্রেণী থেকে পাস করা বিদ্যালয়ের ছাত্ররাও এ সময়ে অন্য বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়ে যায়। চর রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে মাত্র দুজন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক জানান, ‘আমি সপ্তাহ খানেক আগে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির নির্দেশনা পেয়েছি। বিদ্যালয়ের তালিকা সংশোধনীর কারণে এ সময়ক্ষেপণ হয়েছে। ফলে এত কম সময়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো যায়নি।’পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে ১৬ জন। এ ব্যাপারে পাঁচলাইশ থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুল কবির প্রথম আলোকে বলেন, ‘আসলে জানুয়ারি মাসেই তো বেশির ভাগ বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায়। তাই এ ছাত্রসংকট সৃষ্টি হয়েছে। তবু আমরা বিদ্যালয়ের পুরোনো শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যাপারে অভিভাবকদের সঙ্গে কথা বলছি।’বন্দর থানার আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ২৭ জন এবং কোতোয়ালি থানার ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৩ জন ছাত্র ভর্তি হয়েছে।পাহাড়তলী থানাধীন সরাইপাড়া হাজী আবদুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বেড়ে যাওয়ায় শিক্ষক ও আসবাবসংকট প্রকট। এখানে ষষ্ঠ শ্রেণীতে ৬৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। জানা গেছে, সরকার পঞ্চম শ্রেণী পাস করা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দূরের স্কুলে ভর্তির বিড়ম্বনা এড়াতে প্রাথমিকভাবে অবকাঠামো সুবিধা রয়েছে, এমন বিদ্যালয়গুলোকেই ষষ্ঠ শ্রেণীতে উন্নীত করেছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আওতাধীন ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী চালু করেছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের এ পাঁচটি বিদ্যালয় রয়েছে।