শিক্ষক-ছাত্রলীগ ধস্তাধস্তির ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে নেতা-কর্মীদের ওপর শিক্ষকদের হামলার বিচার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ক্লাস-পরীক্ষা চালু করার দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে গতকাল মঙ্গলবার দুপুরে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
পশুপুষ্টি বিভাগের শিক্ষক আলী আকবরকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ছোলায়মান আলী ফকির ও কীটতত্ত্ব বিভাগের শিক্ষক মুহাম্মদ মহির উদ্দিন। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার মাৎস্যবিজ্ঞান অনুষদের ভেতরে শিবিরের এক কর্মীকে মারধর থেকে রক্ষা করতে কয়েকজন শিক্ষক এগিয়ে গেলে তাঁদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পরস্পরকে লাঞ্ছিত করার অভিযোগ আনেন।
সোমবারের ঘটনার পর অনুষদের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল মাৎস্যবিজ্ঞান অনুষদে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। অনুষদের ডিন ইদ্রিস মিয়া বলেন, মঙ্গলবার (গতকাল) রাতে অনুষদে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে ক্লাস-পরীক্ষায় ফেরা না-ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।